কক্সবাজারের মহেশখালী উপজেলায় চোর সন্দেহে মো. ফয়সাল (২৬) নামের এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার পিঠের ওপর ইট চাপিয়ে নৃশংসভাবে এই নির্যাতন চালানো হয় বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বিকেলে একজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পূর্ব ফকিরাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ফয়সালকে চোর সন্দেহে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। পরবর্তীতে মঙ্গলবার সকালেও তাকে দফায় দফায় মারধর করা হলে একপর্যায়ে তার মৃত্যু হয়। প্রকাশ্য দিবালোকে এমন পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
এদিকে ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, একদল কিশোর চুরির সন্দেহে ফয়সালকে অমানবিক নির্যাতন করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল জানান, এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে হত্যার বিষয়টি তিনি শুনেছেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুস সোলতান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















