চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

নাফনদীতে মাছ ধরতে গিয়ে আরকান আর্মির গুলিতে জেলে আহত

নাফনদীতে মাছ ধরতে গিয়ে আরকান আর্মির গুলিতে জেলে আহত

টেকনাফ সংবাদদাতা

১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামের এক জেলে আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কয়েকজন জেলে নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনার শিকার হন।

 

আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

 

জেলে ও স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার পূর্ব দিকে নাফ নদীতে কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাদের মাছ ধরা থেকে বিরত থাকতে ধাওয়া করে। পরে জেলেরা সেখান থেকে ফিরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় একটি গুলি ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। অন্য জেলেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে নেওয়া হয়।

 

জালিয়াপাড়া ১ নম্বর সুইচ গেট জেলে সমিতির সভাপতি জহিদ হোসেন বলেন, বিকেলে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেয়। পরে ফিরে আসার সময় গুলি ছোড়া হলে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে। এ ঘটনায় সীমান্তবর্তী নাফ নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় জেলেরা নদীতে মাছ ধরার সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট