হাটহাজারীতে হাফিজুর রহমান সাগর (২৬) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হাটহাজারী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বধু মিয়া চৌধুরীর বাড়ি এলাকার মো. সেলিমের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হাফিজুর রহমান সাগর খুলনার বাগেরহাট জেলার কচুয়া থানার লড়ারকুর গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের নবীর মৃধার পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাফিজুর রহমান সাগরের স্ত্রী প্রতিদিনের মতো সকালে গার্মেন্টসের চাকুরীতে চলে যান। গার্মেন্টসের চাকরি শেষে সন্ধ্যায় বাসায় ফিরে দেখতে পান, ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকি করার পর ভিতর থেকে কোন শব্দ না পাওয়ায় ঘরের বেড়ার ফাঁক দিয়ে ভিতরে দেখতে পান তার স্বামী সাগর ঘরের বিমের সাথে ঝুলন্ত অবস্থায়। বিষয়টি ঘরের মালিক ও পুলিশকে অবহিত করলে মডেল থানার সাব ইন্সপেক্টর সজীব ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্ত্রী জানান, সাগরের আত্মহত্যার বিষয়ে আগে থেকে কোনো ধরনের ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি বলেন, “আমি সকালে গার্মেন্টসে চাকরি করতে যাওয়ার কারণে সকালে তাকে বাসায় একা রেখে যাই। কেন তিনি এমন করলেন, কিছুই বুঝতে পারছি না।” তবে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান।
নিহতের চাচাতো ভাই হানিফ জানান, প্রায় দের বছর আগে সাগরের বিয়ে হয়। কিছুদিন আগে গাছ থেকে পড়ে যাওয়ার পর তিনি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শনে যাওয়া মডেল থানার সাব ইন্সপেক্টর গণমাধ্যমকে জানান, খবর পেয়ে মরদেহটি ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে আসল ঘটনা।
পূর্বকোণ/পারভেজ

















