চট্টগ্রাম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সমুদ্র গবেষণায় কক্সবাজারে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ

কক্সবাজার সংবাদদাতা

১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:০৭ অপরাহ্ণ

কক্সবাজারে বিশেষায়িত ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সাইন্সেস অ্যান্ড টেকনোলজি’ (UBEST) প্রতিষ্ঠার প্রশাসনিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বোরি) বিদ্যমান অবকাঠামো ও ল্যাবরেটরি ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রশাসনিক নথি সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (ডিঅ’ নম্বর: ৪৪.০০.০০০০.০০০.৯৯.০০০১.২৬) প্রধানমন্ত্রীকে লেখা আধা-সরকারি পত্রে বঙ্গোপসাগরীয় সম্পদ কাজে লাগাতে ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনৈতিক খাতের জন্য দক্ষ মানবসম্পদ তৈরির এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরদিনই, অর্থাৎ ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবটিতে সম্মতি দিয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবে উল্লেখ করা হয়, একটি পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় জমি অধিগ্রহণ ও ভবন নির্মাণের মাধ্যমে শূন্য থেকে প্রতিষ্ঠা করতে অন্তত ৫ থেকে ৭ বছর সময় এবং বিপুল অংকের অর্থ ব্যয়ের প্রয়োজন হয়। এই বাস্তবতায় রামুর টেকনাফ সড়ক সংলগ্ন ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’-এর সুপ্রতিষ্ঠিত গবেষণা কেন্দ্র, ল্যাবরেটরি, তথ্যভাণ্ডার ও বৈজ্ঞানিক জনবলকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়টি চালু করলে দীর্ঘ প্রশাসনিক বিলম্ব ও কোটি কোটি টাকার অবকাঠামোগত ব্যয় এড়ানো সম্ভব হবে।

 

বিশ্ববিদ্যালয়টিতে প্রারম্ভিক পর্যায়ে নিম্নলিখিত বিষয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্স চালুর প্রস্তাব করা হয়েছে: সমুদ্রবিজ্ঞান ও সামুদ্রিক তথ্য প্রযুক্তি, মৎস্য ও অ্যাকুয়াকালচার , সামুদ্রিক পরিবেশ ও উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্র পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্ট।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট