চট্টগ্রাম সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই দিন পানিতে ডুবে মারা যাওয়া আরও এক শিশুকে হাসপাতালে নেওয়া হলেও স্বজনেরা মরদেহ নিয়ে চলে যাওয়ায় তার পরিচয় জানা যায়নি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগর ও কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগর গ্রামের জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা (৫) এবং কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. এজাহার (৭)।

পুলিশ জানায়, দুপুরে উম্মে মানহা ও তাঁর ফুফাতো ভাই এজাহার বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেরানীহাটে দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে পানিতে ডুবে যাওয়া আনুমানিক দুই বছর বয়সী এক শিশুকে কেরানিহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। শিশুটিকে মৃত জেনে হাসপাতালের নিবন্ধন সম্পন্ন না করেই স্বজনেরা মরদেহ নিয়ে চলে যান। ফলে তার নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি পুলিশ জানতে পেরেছে। একই সময়ে অজ্ঞাত আরও এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট