কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় রান্নায় নিষিদ্ধ ক্যাওড়া জল ব্যবহারের অপরাধে ‘হাজী বিরিয়ানি’ নামের একটি রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, আজ বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বাজারঘাটা প্রধান সড়কে পরিচালিত এই মোবাইল কোর্টে নেতৃত্ব দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
অভিযান চলাকালে রেস্তোরাঁটিতে গিয়ে দেখা যায়— খাবার তৈরিতে সরকার ঘোষিত নিষিদ্ধ ক্যাওড়া জল ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া থালাবাসন ধোয়ার জন্য মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক কাপড় কাচার ডিটারজেন্ট (হুইল পাউডার) ব্যবহার করা হচ্ছিল। একই সাথে বাবুর্চি ও খাবার কর্মীদের মাথায় হেয়ার নেট না থাকা, সমস্ত খাবার উন্মুক্ত ও ঢাকনাহীন অবস্থায় রাখা, রান্নাঘরের সিলিং ও দেওয়ালে ধূলিমাখা মাকড়সার জাল এবং ডাইনিং কর্মীদের টয়লেটে হাত ধোয়ার ন্যূনতম সাবান বা হ্যান্ডওয়াশ না থাকার মতো গুরুতর অপরাধ হাতেনাতে ধরা পড়ে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টির অভিযোগে হাজী বিরিয়ানিকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
পূর্বকোণ/আরআর

















