চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, এলাকাবাসীর সড়ক অবরোধ

সাতকানিয়ায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, এলাকাবাসীর সড়ক অবরোধ

সাতকানিয়া সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের চাপায় ঈশা দাশ (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এর ফলে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

 

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈশা দাশ উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের মেয়ে। সে ছদাহা কেয়াফাত উল্লাহ্ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয়রা জানান, স্টার লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭০) ঈশা দাশকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সাতকানিয়ার কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তার মৃত্যু হয়।

 

দুর্ঘটনার খবরে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

 

অবরোধস্থলে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি, দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

 

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মুঠোফোনে নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্কুলের সামনে স্পিডব্রেকার এবং রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বাসচাপায় স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় জড়িত বাস চালককে আটক করা হয়েছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট