রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ির প্রবীণ বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
১৯৩৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
রবিবার বিকেল চারটায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পরে বিকেল পাঁচটায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের প্রয়াণে বরইছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাঁকে স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।
পূর্বকোণ/রানা/পারভেজ


















