পর্যটন নগরী কক্সবাজারে অভিযান চালিয়ে ছিনতাইকারী, মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ।
গত ২৪ ঘণ্টায় শহর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এই কম্বিং অপারেশনে ৬ জন চিহ্নিত ছিনতাইকারী, ১৭ জন মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকা থেকে ৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শহরের বাদশাহ ঘোনা এলাকার আব্দুল্লাহ, চৌফলদণ্ডীর আসিফ, পাহাড়তলীর কালুর দোকান এলাকার আকাশ চন্দ্র দাস, খুরুশকুলের জাহিদ হাসান, ঘোনার পাড়ার রায়হান এবং সুইপার কলোনির সুমী ধর। তাঁদের বিরুদ্ধে আগে থেকেই চুরি, ছিনতাই ও মারামারির একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া অভিযানে শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে ১৭ জন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি শহরের টেকপাড়া, পাহাড়তলী, বাদশাহ ঘোনা এবং পার্শ্ববর্তী টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন স্থানে। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামি, ধর্তব্য অপরাধে জড়িত ২ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধ করতেই এই চিরুনি অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















