চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আঁধারে ৩টি দোকানঘর ভেঙ্গে ভেতরে থাকা মূল্যবান মালামাল লুটে নেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আধুনগর খাঁনহাট বাজারে এ ঘটনা ঘটে। এতে তিন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মোবাইল ব্যবসায়ী কালাম, চা দোকানি জাহাঙ্গীর আলম এবং পান দোকানি ওসমান।
ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। শনিবার সকালে বাজারে এসে দেখেন তার দোকানটি সেখানে আর নেই। দোকানের টিন, কাঠামোর পাশাপাশি ভেতরের চা-পাতা, বিস্কুট ও পানীয়সহ বিভিন্ন মালামালও লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই রাতে তার পাশাপাশি থাকা কালামের মোবাইল ও ওসমানের পানের দোকানটিও তুলে নিয়ে যাওয়া হয়। এই আকস্মিক ঘটনায় তিন ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোকানের মালিক (জমিদার) মোহাম্মদ মহসিন জানান, গত ৩০ বছর ধরে তিনি পৈতৃক জায়গায় এই দোকানগুলো নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তদের একটি দল পরিকল্পিতভাবে তিনটি দোকানই সম্পূর্ণ সরিয়ে নিয়ে যায়। তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর পেয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তরা আইনি সহায়তা চাইলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















