লোহাগাড়ায় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে বসতঘরে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বদুর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্য প্রবাসী মো. আলমগীর জানান, ফজরের নামাজ পড়ার জন্য চার ভাই বাড়ি থেকে বের হওয়ার সময় মুখোশধারী একদল দুর্বৃত্ত তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা বসতঘরে ঢুকে অন্যান্য সদস্যদেরও জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে।
তিনি আরও জানান, ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে নগদ ৬ লাখ টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে পরিবারের নারী সদস্যদের মারধর করা হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়।
স্থানীয়রা জানান, এলাকায় এ ধরনের অপরাধ ঠেকাতে রাতের টহল জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
পূর্বকোণ/রানা/পারভেজ

















