চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:১২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে মোটরসাইকেল আত্মসাতের চেষ্টার অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না কোর্টবাজার এলাকার এমআর মোটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ হাসান নিজেকে সিআইডির কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এ সময় তিনি একটি ভুয়া পরিচয়পত্র দেখান। পরে ওই পরিচয় ব্যবহার করে একটি মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি পুলিশের নজরে আসে। অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৭০, ১৭১, ৪০৬ ও ৪২০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মোহাম্মদ হাসানকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট