চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

উখিয়া সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পালাল দুই পাচারকারী

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মিয়ানমার থেকে আসা দুই মাদক পাচারকারী ইয়াবাভর্তি দুটি পলিব্যাগ ফেলে পালিয়ে যায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিজভীর ঘের নামক স্থানে এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সকালে বিজিবির সদস্যরা রিজভীর ঘের এলাকায় অবস্থান নেন।

সকাল ৬টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দিলে তারা হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া পলিব্যাগ দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেট থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

তিনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট