কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ৫ নং আসামি মো. রিদুয়ানকে (২৬) আটক করেছে র্যাব-১৫ ও জেলা পুলিশের যৌথ অভিযানিক দল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড় টার দিকে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রিদুয়ান টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত কবির আহমদ প্রকাশ কবির মাঝির ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সাইফুল ইসলাম জানান, টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় র্যাব-১৫ (সিপিসি-১) এবং পুলিশের যৌথ আভিযানিক দল সংগঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি মোঃ রিদুয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে।
প্রাথমিক অনুসন্ধান ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র স্থানীয়দের কাছে চাঁদা দাবি করে আসছিল। এরই জেরে গত ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদা দাবির প্রতিবাদ করায় হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় প্রতিবাদকারীদের বাঁচাতে এগিয়ে এলে ভিকটিম নাজির হোসেনের ওপর ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
এজাহারনামীয় আসামি মো. রিদুয়ান তার হাতে থাকা লোহার রড দিয়ে ভিকটিম নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করে গুরুতর জখম করে। অন্যান্য আসামিরাও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং বুকে-গলায় পা চাপিয়ে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
চাঞ্চল্যকর এই হত্যা মামলায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার করতেও অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/নুসরাত

















