চট্টগ্রামের আনোয়ারায় ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’ লিখে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে নেপাল রবি দাশ (২৬) নামে এক নাপিতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রুস্তমহাট এলাকার একটি দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নেপাল রবি দাশ উপজেলার পূর্ব বটতলী এলাকার গুচ্ছগ্রামের বাসিন্দা মৃত সুনীল রবি দাশের ছেলে। ছয় সদস্যের পরিবারের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নেপাল ও তার এক ভাই মিলে রুস্তমহাট এলাকায় সেলুনটি পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে নেপাল তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন।’ এরপর রাতে সেলুনের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/নুসরাত

















