চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি হাসান মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাটহাজারী থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হাসান মুরাদ হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধোপাদিঘীর পাড় এলাকার আকমল মিয়াজির বাড়ির দিদারুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং সাম্প্রতিক মিছিল ও কর্মসূচিতে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় হাসান মুরাদকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, হাসান মুরাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন মিছিল ও কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলাসহ হাটহাজারী থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা হাসান মুরাদকে শুক্রবার রাতে নগরের খুলশী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে থাকা মামলাগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















