চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আমজুরহাট এলাকার শাহ মালেকিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রবিউল হাসান কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ফৈজানিরপাড়া এলাকার মো. হোসাইনের ছেলে। তিনি আমজুরহাট এলাকার ওই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদ্রাসাটিতে ওই শিশুর সঙ্গে একাধিকবার বলাৎকারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, গত ১৫ জুলাই ও ৩০ আগস্ট ভোর আনুমানিক ৪টার দিকে এম আর টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত মাদ্রাসাটিতে এসব ঘটনা ঘটে।
সর্বশেষ বৃহস্পতিবার রাতে শিশুটিকে আবারও বলাৎকারের চেষ্টা করা হলে বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
সংবাদ পেয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল মাদ্রাসায় যায়। সেখানে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

















