চট্টগ্রাম শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলার সুবেদার পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

শনিবার (১২ সেপ্টেম্বর) র‍্যাব-৭-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

গ্রেপ্তার মাসুদ রানা রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে।

 

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাঙ্গুনিয়া মডেল থানায় দায়ের করা অপহরণ ও ধর্ষণ মামলার ১ নম্বর আসামি মাসুদ রানা হাটহাজারী এলাকায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

 

অভিযানের অংশ হিসেবে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সুবেদার পুকুরপাড় এলাকার আনোয়ারা ম্যানশনের তৃতীয় তলায় তার চাচার ভাড়া বাসায় যায় র‍্যাবের একটি দল। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব জানায়, মাসুদ রানার বিরুদ্ধে ২০২৫ সালের ২৭ নভেম্বর রাঙ্গুনিয়া মডেল থানায় মামলা নম্বর-১১ দায়ের করা হয়। মামলায় সাইবার সুরক্ষা আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় অভিযোগ আনা হয়েছে।

 

চট্টগ্রাম র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তারের পর মাসুদ রানাকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট