চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন থেকে ইয়াছমিন আক্তার (৩৯) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াছমিন আক্তার রাউজান উপজেলার পূর্ব রাউজান কাজীপাড়া এলাকার কবির আহম্মদের মেয়ে এবং কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকার প্রবাসী চিসতিয়াকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছমিন আক্তার চিকনদণ্ডী ইউনিয়নের বেপারীপাড়া এলাকার মাহবুব আলমের মালিকানাধীন ভবনের নিচতলার একটি কক্ষে ভাড়া থাকতেন। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তাঁর প্রায়ই মনোমালিন্য ও ঝগড়া-বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যকার এসব বিষয় নিয়ে অভিমান করেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মরদেহ উদ্ধারকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে বাসার জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি থানায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত করা সম্ভব হবে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পূর্বকোণ/রানা

















