রাউজানে পবিত্র ঈদে মিলাদন্নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষ্যে লাইটিং’র কাজ করতে গিয়ে মনির হোসেন, (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের করিম সিকদার বাড়িতে লাইটিংয়ের কাজ করার সময় সিঁড়ি থেকে মাটিতে ছিটকে পড়েন নিহত মনির হোসেন।
পরে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন। নিহত মনির হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা গ্রামের খুরশিদ আলমের ছেলে। নেজাম ডেকোরেটার্স নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হারুন বলেন, ‘আমি দেখেছি বিদ্যুতের লাইটিং’র কাজ করার সময় দুর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে পুকুর ঘাটের ফ্লোরে ছিটকে পড়েন।’
এদিকে নিহতের চাচা শাহাদাত হোসেন মজুমদার বলেন, ‘আমার ভাতিজার সঙ্গে আমিও ঘটনাস্থলে ছিলাম। বৈদ্যুতিক তারে লাইটিং’র কাজ করার সময় কারেন্ট ধরে, পড়ে স্ট্রোক করে মারা যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত এই ধরনের সংবাদ কেউ জানায়নি। আমাদের জানানো হলে বিস্তারিত বলা যাবে।’
পূর্বকোণ/আরআর

















