চট্টগ্রাম মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

চন্দনাইশে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

চন্দনাইশ সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে নুরুল হক প্রকাশ জাকির হোসেন (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চরবরমা গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত রুনা আক্তারের সঙ্গে প্রায় দুই বছর আগে জাকির হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা চরবরমা গুচ্ছগ্রামে বসবাস করে আসছিলেন।

 

ঘটনার দিন রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জাকির হোসেন স্ত্রী রুনাকে এলোপাতাড়ি মারধর করেন। স্বামীর মারধরের আঘাতে গুরুতর আহত হয়ে রুনা অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দীর্ঘক্ষণ তাঁর জ্ঞান না ফেরায় ঘাতক স্বামী স্থানীয় এক পল্লীচিকিৎসককে বাড়িতে ডেকে আনেন। চিকিৎসক পরীক্ষা করে রুনাকে মৃত বলে ঘোষণা করেন।

 

ঘটনার পর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হারুনুর রশীদকে জানানো হলে তিনি দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী নুরুল হককে আটক করে থানায় নিয়ে আসে।

 

এ ঘটনায় নিহত রুনার বাবা জামাল উদ্দীন বাদী হয়ে জামাতা জাকির হোসেনকে আসামি করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন জানান, পারিবারিক কলহের জেরে মারধরের ঘটনায় গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত স্বামীকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট