চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পেকুয়ায় আবু তাহের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:১৩ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় আবু তাহের (৬৫) হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেপ্তার করেছে র‍্যাবের যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টেকনাফ মডেল থানা এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৫, কক্সবাজার যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। র‍্যাব-৭ এর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সিফাত পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বহদ্দারপাড়া এলাকার নুরুল হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে মগনামা ইউনিয়নের হারুন মাতবরপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় আবু তাহের নিহত হন। ঘটনার তিন দিন পর নিহতের ছেলে মো. তারেক (২৫) পেকুয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় সিফাতকে ১ নম্বর আসামি করে নাজেম উদ্দিন ও বাহাদুরের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের প্রায় আড়াই মাস পলাতক থাকার পর টেকনাফ থেকে সিফাতকে গ্রেপ্তার করা হয়।

নিহতের ছেলে ও মামলার বাদী মো. তারেক বলেন, তার বাবাকে সিফাতসহ কয়েকজন হত্যা করেছে। সিফাত গ্রেপ্তার হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। দ্রুত অন্য আসামিদেরও গ্রেপ্তার করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট