চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিক্রির উদ্দেশ্যে যাওয়ার পথে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

লোহাগাড়ায় ইয়াবা-অস্ত্র নিয়ে দু’জন ধরা

লোহাগাড়া সংবাদদাতা 

১১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ২০০০ পিস ইয়াবা ও একটি আগ্নেয়াস্ত্রসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে লোহাগাড়া থানাধীন চুনতী রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনের চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে লোহাগাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কক্সবাজার সদর উপজেলার কুরুশকুল এলাকার তারেকুল ইসলাম (২৬) ও রাশেদুল ইসলাম ওরফে রুবেল (৩৮)। এ সময় একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্টে একটি পিকআপ থামিয়ে তল্লাশি করা হয়। একপর্যায়ে গাড়ির চালকের আসনের পেছনের পকেটে বিশেষ কৌশলে লুকানো একটি পুটলা উদ্ধার করা হয়। পুটলাটি থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭.৬৫ মিমি ‘মেইড ইন ইউএসএ’ খোদাই করা একটি সচল পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তারা কক্সবাজারের কুরুশকুল এলাকা থেকে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে যাওয়ার পথে ছিলেন। বিক্রির উদ্দেশ্যে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রগুলো পরিবহন করা হচ্ছিল বলে তারা জানিয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই এলাকার মামুন নামে আরও একজনের নাম পাওয়া গেছে। পুলিশ বলছে, মামুন মাদক ও অস্ত্র মামলা বা সংশ্লিষ্ট অন্য কোনো উদ্দেশ্যে আগেই বাসযোগে চট্টগ্রাম নগরে চলে যায়। পলাতক মামুনকে গ্রেপ্তার এবং এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে নিয়মিত চেকপোস্ট, তল্লাশি ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় উদ্ধার করা মাদক ও অস্ত্রের বিষয়ে প্রচলিত আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/রানা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট