চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় সংবাদকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

লোহাগাড়ায় সংবাদকর্মীর বাড়িতে চুরি

ক্যান্সারে আক্রান্ত বাবার চিকিৎসার জন্য জমানো ৫ লাখ টাকা লুট

লোহাগাড়া সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় এক সংবাদকর্মীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ঘরের দরজা কেটে ভেতরে প্রবেশ করে নগদ প্রায় ৫ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে গেছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকার আবুল হাশেমের বাড়িতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী সংবাদকর্মী ফাহাদ ইবনে হাশেম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ফাহাদ ইবনে হাশেম জানান, তার পিতা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার সুবিধার্থে গত দুই সপ্তাহ ধরে পুরো পরিবার আমিরাবাদ মোটরস্টেশন এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল বাড়ির লোহার দরজার হুক ও কলাপসিবল দরজা কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের দুটি স্টিলের আলমারি ভেঙে তার বাবার চিকিৎসার জন্য জমানো নগদ ৫ লাখ টাকা, মায়ের ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং বসতভিটাসহ বিভিন্ন জমিজমার প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায়।

পরদিন দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে চুরির বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা বাড়িতে এসে আলমারি ভাঙা ও জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, সাংবাদিকের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/রানা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট