চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ১০টি দোকান ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি- আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় রানীরহাট বাজারের বগাবিলি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ইয়াছিন আরাফাত। তার মালিকানাধীন ইলেকট্রনিক সামগ্রী ও গিফট আইটেমের তিনটি দোকানে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া রফিক সওদাগরের দোকানের প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে গেছে এবং দন্ত চিকিৎসক নান্টুর চেম্বার থেকে কোনো মালামালই বের করা যায়নি। আল মদিনা টেইলার্সের রাশেদুল ইসলামসহ আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- মহিউদ্দিন, দুলাল, নুরুন্নবী, শওকত, রাশেদ, শফি, জাকের ও একরাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা বাড়লে পাশের একটি ব্যাংকে থাকা অগ্নিনির্বাপক গ্যাস ব্যবহার করে তা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নেভায়।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ জাহেদুর রহমান জানান, পাশের রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর খবর পাওয়ার পর তারা আর সেখানে যাননি।
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আরমান উদ্দিন জানান, খবর পেয়ে তাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রাথমিক হিসাবে ঘটনাস্থলে তিনটি দোকানে আগুন পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ছোট-বড় মিলিয়ে ১০টি দোকান ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবের চেয়ে অনেক বেশি হবে।
পূর্বকোণ/রানা/এএইচ


















