চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রেস স্টিকারের আড়ালে ইয়াবা পাচার, পাচারকারী গ্রেপ্তার

প্রেস স্টিকারের আড়ালে ইয়াবা পাচার, পাচারকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১:৫৩ অপরাহ্ণ

মোটরসাইকেলের সামনে লাগানো ছিল ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা প্রেস স্টিকার। পাচার করা হচ্ছিল ইয়াবা। মোটরসাইকেলের কাঠামোর ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ নুরুল আলম প্রকাশ মুজাহিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আনোয়ারা উপজেলার সৈয়দ কুচাইয়ার মোড়ে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল আলম কক্সবাজার জেলার টেকনাফ থানার রংগীখালী এলাকার আব্দুর রহমানের ছেলে।

 

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, কয়েকজন মাদক কারবারি মোটরসাইকেলে ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসার খবর পেয়ে অস্থায়ী তল্লাশিচৌকি বসায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। মোটরসাইকেলটির সামনের অংশে ‘ডেইলি বাংলাদেশ অবজারভার’ লেখা স্টিকার লাগানো ছিল।

 

তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের অর্ধেক কাঠামো ও কাঠামোর বাক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৭ হাজার ৮৪৫টি ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ লাখ ৫৫ হাজার টাকা। নুরুল আলমকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট