চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রোহিঙ্গা তরুণী দিয়ে প্রেমের ফাঁদ, টেকনাফে অপহৃত যুবক উদ্ধার

রোহিঙ্গা তরুণী দিয়ে প্রেমের ফাঁদ, টেকনাফে অপহৃত যুবক উদ্ধার

টেকনাফ সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ১:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি চক্রের হাতে অপহৃত সাকিব হোসেন (২৪) নামে এক যুবককে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার সাকিব হোসেন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়ার নজরুল ইসলামের ছেলে।

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, বুধবার বিকেলে রোহিঙ্গা সন্ত্রাসীদের একটি দল টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একজন স্থানীয় যুবককে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ করে। পরে তথ্য যাচাই করে ভিকটিমের অবস্থান নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় শনাক্ত করা হয়।

 

পরে, উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে আলিখালী এপিবিএন ক্যাম্পের একটি দল এবং উপ পরিদর্শক (এসআই) আজিজুল হাকিমের নেতৃত্বে নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি দল যৌথ অভিযান চালায়। ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে অপহরণকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ভিকটিমকে ফেলে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে গভীর রাতে সাকিব হোসেনকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাকিব জানিয়েছেন, মোবাইল ফোনের মাধ্যমে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। ওই তরুণী তাকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এলাকায় দেখা করতে বলেন। সেখানে যাওয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে আটক করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে উদ্ধার সাকিব হোসেনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট