কক্সবাজারের টেকনাফে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজার মুল্য ৪২ কোটি টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটকরা হলেন, জয়ঘর দাস (৫০) ও মো. হোসাইন (২০)।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নজরদারি, ড্রোন ও প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ জোরদার করা হয়। চোরাকারবারিরা দিনের বেলায় জেলের ছদ্মবেশে নৌকাযোগে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
পরে নৌকায় তল্লাশি চালিয়ে কোনো মালামাল পাওয়া যায়নি। তবে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে হালকা ভাসমান কয়েকটি বস্তা দেখতে পায় বিজিবি। বস্তাগুলো উদ্ধার করে খুললে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪০ কার্টনে ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
৬৪ বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত উখিয়া ব্যাটালিয়ন ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা ও ২৪৩ জন আসামি আটক করেছে।
পূর্বকোণ/নুসরাত

















