চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪০টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল বাজারে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, বুধবার ভোরে উপজেলার কদমরসুল বাজারে একটি দোকানে অগ্নিকাণ্ড সূত্রপাত হলে তা মুহুর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে ৪০ টি দোকানে। এতে বেশিরভাগ দোকানের সর্বস্ব পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী শাহ আলম বলেন, আজ দুইটি বিয়ে অনুষ্ঠানের ফার্নিচার আজ ডেলিভারি দেওয়ার জন্য রেডি ছিলো। চার লক্ষ টাকার এ ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তার ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত অপর এক হার্ডওয়্যার ব্যবসায়ী মাওলানা মোহাম্মদ ইয়াকুব বলেন, ব্যবসা প্রতিষ্ঠানটি এক যুগ আগে তার বাবা গড়ে তোলেন। ভয়াবহ আগুনে তার ব্যবসা প্রতিষ্ঠানের সব মালামাল পুড়ে গেছে। বাজারের ৪০ ব্যবসায়ীর দেড় কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন তারা।
কুমিরা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে দোকানীরা ৪০ দোকান পুড়েছে জানালেও ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন ৩০টি দোকান পুড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে। তারমধ্যে দুইটি ইউনিট কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের অপর একটি আগ্রাবাদ ফায়ার সার্ভিস।
পূর্বকোণ/নুসরাত

















