বান্দরবানের থানচি উপজেলার নায়দারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাইঅং প্রু মার্মাকে (৪৬) অপহরণ করেছে সন্ত্রাসীরা।
বুধবার (৯সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে চার জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল ওই এলাকায় হানা দিয়ে প্রধান শিক্ষককে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত প্রধান শিক্ষক চাইঅং প্রু মার্মা থামছি বাজার সংলগ্ন মাস্টার পাড়ার মৃত মংফোঅং মার্মার ছেলে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার জানান, সশস্ত্র সন্ত্রাসী দল নাইদারি পাড়া স্কুলে হানা দিয়ে প্রধান শিক্ষককে নৌকা যোগে সাঙ্গু নদীপথে অপহরণ করে নিয়ে যায়। যাওয়ার সময় সন্ত্রাসীরা অন্যান্য শিক্ষকদের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে যায়। খবর পেয়ে এখানে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ গিয়েছে।
তিনি আরও জানা, কি ঘটনা নিয়ে এই অপহরণ তা জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। অপহরণকারীরা জনসংহতি সমিতির সদস্য বলে স্থানীয়রা জানিয়েছেন।
পূর্বকোণ/নুসরাত

















