চট্টগ্রামের সাতকানিয়ায় পায়েল মজুমদার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত পায়েল মজুমদার ওই এলাকার ঈশ্বরের টেক মজুমদার বাড়ির দুলাল মজুমদারের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, সকালে পায়েলকে তাঁর নিজ শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁর বাবা উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, পায়েল মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্থানীয়রা জানান, ঘরের কাজকর্ম নিয়ে ভুল হলে প্রায়ই তাঁকে মায়ের বকাঝকা শুনতে হতো। ঘটনার দিন সকালেও হাঁড়ি-পাতিল মাজা নিয়ে মায়ের সঙ্গে তাঁর বকাঝকা হয়। এরপর অভিমান করে পায়েল আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনেরা।
তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তরুণীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/নুসরাত


















