চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ ও অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় ৩ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তাররা হলো- সাদেক (২৯), কামরুল (৩৯) এবং হানিফ (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের অনুসারীদের সংঘর্ষে হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ফাঁকা গুলিসহ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে একদল যুবক। পরে কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়।
ঘটনার পর চট্টগ্রাম জেলা পুলিশের এসপি মো. মাসুদ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার অভিযান শুরু করেন। পরে সীতাকুণ্ড থানা এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রধারী সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪)কে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ১১টি ধারালো ছুরি, ৩টি কিরিচ, ১টি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরে ১টি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়েছে।
এসপি মো. মাসুদ সাংবাদিকদের জানান, চট্টগ্রাম জেলা পুলিশ কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা অবৈধ অস্ত্রের প্রদর্শন কোনোভাবেই বরদাশত করবে না। অপরাধী যে দলের, যে গ্রুপের বা যে রাজনৈতিক পরিচয়ই ব্যবহার করুক না কেন- কাউকেই ছাড় দেওয়া হবে না। ঘটনায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত, গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/এএইচ


















