চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে পুলিশের বাড়ি থেকে ইয়াবাসহ ৩৬ লাখ টাকা উদ্ধার, আটক ৩

কক্সবাজারে পুলিশের বাড়ি থেকে ইয়াবাসহ ৩৬ লাখ টাকা উদ্ধার, আটক ৩

চকরিয়া সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:৩৮ অপরাহ্ণ

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পুলিশ সদস্যের বাড়ি থেকে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় কক্সবাজার শহরের উত্তর হাজী পাড়া এলাকায় কক্সবাজার আদালত পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহর (শহীদ) মালিকানাধীন বাড়িতে এ অভিযান চালানো হয়।

 

অভিযানে বাসায় লুকিয়ে রাখা ৯০ হাজার পিস ইয়াবা ও ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়। এ সময় আশিক মোমেন মেহেদী (২৩), তার স্ত্রী সাদিয়া ফারহানা (২৩) এবং সহযোগী সায়মন সরোয়ারকে (১৬) আটক করা হয়। তারা মূলত টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চত করা হয়।

 

আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

ডিএনসি কক্সবাজারের উপ-পরিচালক সোমেন মন্ডল জানিয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া বাড়িটিতে মাদক ব্যবসার আড়ালে মালিকের অন্য ভূমিকা রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

 

পূর্বকোণ/ইবনুর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট