চট্টগ্রাম সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

সাতকানিয়া সংবাদদাতা

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় সাঙ্গু নদীতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীর তীরে খেলতে গিয়ে পানিতে পড়ে তাদের মৃত্যু হয়।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দুই শিশু হলো—মো. শাহিন (৩) ও মোছা. আফিজা (৬)। তারা আমিলাইশ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব ডলু এলাকার মো. বেলালের সন্তান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে দুই ভাই-বোন নানার বাড়িতে বেড়াতে গিয়ে বাড়ির আশপাশে খেলছিল। বেলা ১১টার দিকে তারা বাড়ির কাছের সাঙ্গু নদীর তীরে যায়। সেখানে খেলার সময় কোনো একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই নদীর পানিতে পড়ে যায়।

 

বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে দুই শিশুকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, সাঙ্গু নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নদী ও জলাশয়ের আশপাশে শিশুদের চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। শিশুদের একা নদী বা জলাশয়ের কাছে যেতে না দেওয়ার পরামর্শও দিয়েছেন তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট