কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে পাঁচজনকে উদ্ধার করেছে র্যাব-১৫। এ সময় মানবপাচারকারীদের ফেলে যাওয়া একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ)-এর একটি আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়া এলাকায় নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সংঘবদ্ধ মানবপাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে র্যাব।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অজ্ঞাতনামা মানবপাচারকারীরা আর্থিক লাভের আশায় এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের উদ্দেশ্যে ওই পাঁচজনকে নৌকাযোগে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের জন্য একত্রিত করেছিল।
উদ্ধার হওয়া পাঁচজন এবং জব্দ করা মোবাইল ফোন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


















