কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার লারপাড়া, বাস টার্মিনাল ও কলাতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।
অভিযান সূত্রে জানা যায়, লারপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার অভিযোগে ‘মায়ের দোয়া ফুচকা কারখানা’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কলাতলী এলাকায় নিত্যপ্রয়োজনীয় খোলা পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘ইউনুস স্টোর’কে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে পণ্যের মান ও মূল্যতালিকা নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।





















