কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের আক্রমণে নুরুল হক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। নিহত নুরুল হক উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।
আহত ফাতেমার (১১) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত অপর শিশু তাসমিন (৩) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত ফাতেমা একই এলাকার ছিদ্দিক আহমেদের মেয়ে এবং আহত তাসমিন রাসেলের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলছিল তিন শিশু। এ সময় হঠাৎ একঝাঁক ভিমরুল তাদের ওপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হককে মৃত ঘোষণা করেন।
হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সরওয়ার ওসমান খোকা বলেন, ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। খবর পেয়ে আমরা ভুক্তভোগী পরিবারগুলোর খোঁজখবর নিয়েছি। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/ইবনুর


















