চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষে গুরুতর আহত মাহিম চৌধুরী (১৮) মারা গেছে। আহত হওয়ার ৫দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৫০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাহিমের চাচাত ভাই লিয়াকত আলী চৌধুরী। মাহিম চৌধুরী হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির মাহবুবুউল বশর চৌধুরী ছেলে।
এর আগে, গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিএনজি অটোরিক্সা করে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দেওয়ার জন্য হাটহাজারী সরকারি কলেজে আসছিলো। এ সময় হাটহাজারী -নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের (চট্টমেট্টো গ ১৩-২৬২৫) সাথে সজোরে ধাক্কা লাগে। এতে অটোরিক্সা চালক ও শিক্ষার্থীরা গুরুতর আহত হয়।
এ ঘটনায় অটোরিক্সা চালক এরশাদ উল্লাহ(৪০) নিহত হয়। এ সময় মাহিন চৌধুরীসহ তার সহপাঠীরা গুরুতর আহত হয়। মাহিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহিমের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে এসেছে।
পূর্বকোণ/ইবনুর


















