টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ওষুধসহ তিন মাদক কারবারি আটক।
আটকরা হলেন, টেকনাফ পৌরসভা ১ নং ওয়ার্ড, নাইটংপাড়া এলাকার সোনা মিয়ার পুত্র জাহিদ (২৬), মায়ানমার নাগরিক আব্দুর রহমানের ছেলে মো. করিম (২৫), সলিমের পুত্র এহসান উল্লাহ (৩০)।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে ৫টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় রবিবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি বসত বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ও মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিভিন্ন প্রকারের ওষুধসহ দুই জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটক মাদক কারবারিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবার চালান নিয়ে মায়ানমার হতে নাফ নদী দিয়ে সাঁতার কেটে বাংলাদেশের উক্ত বাড়িতে অবস্থান নেয়। তারা বাড়ির মালিকের নেতৃত্বে ইয়াবাসহ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে এবং প্রত্যাবর্তনের সময় বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধভাবে ওষুধ পাচারের পরিকল্পনা করছিল।
পরবর্তীতে, আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক বাংলাদেশি মাদক কারবারিকেও আটক করা হয়। জব্দকৃত ইয়াবা, ওষুধ ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পারভেজ

















