চট্টগ্রাম রবিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি , ১১ শিক্ষককে শোকজ

নির্দিষ্ট সময়ের আগেই বিদ্যালয় ছুটি , ১১ শিক্ষককে শোকজ

টেকনাফ সংবাদদাতা

৬ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৫৪ অপরাহ্ণ

নির্ধারিত সময়ের আগেই বিদ্যালয় বন্ধ করে চলে যাওয়ার অভিযোগে টেকনাফের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

গত বৃহস্পতিবার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকস্মিক পরিদর্শনে গিয়ে বিদ্যালয় বন্ধ পাওয়ার পর এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। বন্ধ থাকা বিদ্যালয় দুটি হলো হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লাতুরিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুল দুটির প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন যথাক্রমে আলী আকবর সাজ্জাদ ও নাসিমা আক্তার।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টেকনাফের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছামতো আসা-যাওয়া করেন এবং দুপুরের পরপরই শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন- এমন অভিযোগ দীর্ঘদিনের। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ওই দুটি বিদ্যালয়ে ‘সারপ্রাইজ ভিজিট’করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

 

পরিদর্শনকালে কোনো শিক্ষক, কর্মচারী কিংবা শিক্ষার্থীর উপস্থিতি পাননি। এ সময়য় শ্রেণিকক্ষ তালাবদ্ধ দেখতে পান। সরকারি কর্মঘণ্টায় বিদ্যালয় বন্ধ রাখার এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করে তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষা কর্মকর্তাকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের সশরীরে ইউএনও কার্যালয়ে হাজিরা দেওয়ার আদেশ দেন।

 

এরই ধারাবাহিকতায় উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু নোমান মো. আবদুল্লাহ ওই দুই বিদ্যালয়ের মোট ১১ জন শিক্ষকের নামে কারণ দর্শানোর নোটিশ জারি করেন। নোটিশে আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্তব্যে অবহেলার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে বলে জানানো হয়েছে।

 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ রাখার সত্যতা পাওয়ায় দুই বিদ্যালয়ের শিক্ষকদের শোকজ করা হয়েছে। তিন দিনের মধ্যে দেওয়া জবাব যুক্তিযুক্ত না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট