চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কে কনটেইনারবাহী ট্রাকচাপায় মোহাম্মদ হোসেন নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক সাইফুল ইসলাম আহত হয়েছেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখের সিপি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার সওদাগরহাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ও স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সিপি মোড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন মোহাম্মদ হোসেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী কনটেইনারবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। এ সময় আহত হন অটোরিকশাচালক সাইফুল ইসলামও।
আহত মোহাম্মদ হোসেনকে উদ্ধার করে প্রথমে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর নবী রাহাত জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে চমেকে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ‘সিপি মোড়ে যাত্রী নামানোর পর ভাড়া নিয়ে গাড়ি স্টার্ট করার প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ পেছন থেকে কনটেইনারবাহী ট্রাকটি আমার গাড়িকে চাপা দেয়।’
জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. লুৎফর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকের চালক শাহীন আলমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি জোরারগঞ্জ থানাকেও অবহিত করা হয়েছে।
অর্থনৈতিক অঞ্চল সড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং তাজা প্রাণ ঝরছে। এক লেনের সড়কে অতিরিক্ত গতি এবং বিভিন্ন বাঁকে বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখতে না পাওয়াই এসব দুর্ঘটনার মূল কারণ।’ দুর্ঘটনা এড়াতে তিনি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা, স্পিড ব্রেকার এবং দিকনির্দেশক আয়না (কনভেক্স মিরর) স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানান।
পূর্বকোণ/রানা/পারভেজ


















