কক্সবাজারে গুলি করে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মুবিন (২৭) কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে আলীর জাহাল সিটি কলেজের সামনে মো. ইকরামকে (৪০) হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। চাঞ্চল্যকর এ ঘটনায় পরদিন (২ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল লিংক রোড, রেলক্রসিং এলাকায় আত্মগোপনে থাকা মামলার ৩ নম্বর আসামি মুবিনকে গ্রেপ্তার করে ।
বিষয়টি নিশ্চিত করে (র্যাব-১৫) এর কর্মকর্তা আ.ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/আদর/পারভেজ















