কক্সবাজারের পেকুয়ার মগনামা জেটিঘাট থেকে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে সাগরে পড়ে নিখোঁজ যুবক শামীমের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মগনামা লঞ্চঘাট এলাকা থেকে ডুবুরিদল ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত শামীম ভোলা জেলার ইলিশিয়া ঘাট এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। তিনি চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করতেন।
এর আগে গতকাল শনিবার ৩টায় স্ত্রী করিমা বেগমকে সঙ্গে নিয়ে কুতুবদিয়ায় শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মগনামা-কুতুবদিয়া নৌ-পথের লঞ্চঘাটে আসেন শামীম। ডেনিস বোটে ওঠার আগে অসাবধানতাবশত স্ত্রীর চোখের সামনেই তিনি সাগরের পানিতে পড়ে যান। এরপর মুহূর্তের মধ্যেই তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় লোকজন ও বোটের মাঝিরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও কোনো সন্ধান পায়নি। পরে ফায়ার সার্ভিস ডুবুরিদল উদ্ধার অভিযানে অংশ নেয়।
নিখোঁজের পর থেকে স্বজন ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে সাগরে খোঁজাখুঁজি চালান। অবশেষে রবিবার সকালে শামীমের লাশ উদ্ধার করা হয়।
পেকুয়া ফায়ার সার্ভিস জানান, দীর্ঘ তল্লাশির পর অবশেষে রবিবার সকাল সাড়ে ৮টায় নিখোঁজ শামীমের লাশ উদ্ধার করেছে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিদল। উদ্ধার করে লাশ থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এমরান/এএইচ


















