চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

রাস্তায় দোকান বসানো নিয়ে আনোয়ারায় দুপক্ষে সংঘর্ষ, আহত ৭

রাস্তায় দোকান বসানো নিয়ে আনোয়ারায় দুপক্ষে সংঘর্ষ, আহত ৭

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ১০:৪১ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে মার্কেটের চলাচলের রাস্তার ওপর দোকান বসানোকে কেন্দ্র করে ব্যবসায়ী ও বাজারের ইজারাদার দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এনসিপির এক নেতাসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শনিবার বিকেল ৫ টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ঘটনায় আহতরা হলেন ব্যবসায়ী মো. সুমন (৪৫), আব্দুর রহিম (৩৫), ইকবাল কবির (৫০), সাইফুদ্দিন (৩০), শহিদ (৪০), আলী হোসেন (৩৫) ও আজগর (৪৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চাতরী চৌমুহনী বাজারের এ আলী শপিং কমপ্লেক্সের চলাচলের রাস্তার ওপর দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। শনিবার দুপুরের দিকে এক পক্ষ সেখানে দোকান নির্মাণের উদ্যোগ নিলে মার্কেটের ব্যবসায়ীরা বাধা দেন। পরে বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

 

মার্কেটের ব্যবসায়ী আলী আহমেদ অভিযোগ করে বলেন, দুপুর ২টার দিকে যুবদল নেতা নয়নের নেতৃত্বে কয়েকজন মার্কেটের চলাচলের রাস্তার ওপর দোকান নির্মাণ করতে আসেন। ব্যবসায়ীরা বাধা দিলে তারা সেখান থেকে চলে যান। পরে বিকেল ৫টার দিকে ইজারাদারদের পক্ষে জাকির আহমেদের নেতৃত্বে লোকজন ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এতে ৭ থেকে ৮ জন আহত হন বলে দাবি করেন তিনি।

 

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বাজারের ইজারাদার জাকির আহমেদ। তিনি বলেন, বাজারের একটি খালি জায়গায় তার দলের কয়েকজন দোকান নির্মাণ করতে গেলে ব্যবসায়ীরা তাদের দোকান ভেঙে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

ঘটনায় আহত আনোয়ারা উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী দেলোয়ার হোসেন বলেন, তিনি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে আবুল হোসেন মার্কেট এলাকায় বসেছিলেন। সেখানে অতর্কিত হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন।

 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, সন্ধ্যা ৭টার দিকে আহত চারজন হাসপাতালে আসেন। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

তিনি বলেন, ঘটনাটি এনসিপি ও বিএনপির মধ্যে সংঘর্ষ হিসেবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লেও প্রাথমিকভাবে বিষয়টি তেমন নয়। মার্কেটের ব্যবসায়ী ও ইজারাদার পক্ষের মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

ওসি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট