চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

প্রথমবার শ্বশুরবাড়ি যাত্রা, বোট থেকে পড়ে নিখোঁজ নয়া জামাই

প্রথমবার শ্বশুরবাড়ি যাত্রা, বোট থেকে পড়ে নিখোঁজ নয়া জামাই

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:৩০ অপরাহ্ণ

প্রিয়তমা স্ত্রী করিমা বেগমের হাত ধরে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন ভোলার শামীম। কিন্তু সেই আনন্দযাত্রা গন্তব্যে পৌঁছানোর আগেই বিষাদে ভরে ওঠে। শ্বশুরবাড়ির কাছাকাছি পেকুয়ার মগনামা জেটিঘাটে ডেনিস বোটে ওঠার সময় পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন এই নববিবাহিত যুবক।

 

নিখোঁজ মো. শামীম (৩০) ভোলার ইলিশিয়া ঘাট এলাকার মুসলেম উদ্দিনের ছেলে। কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার উত্তর ধুরুং মগলাল পাড়ার শাহ আলমের মেয়ে, চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কর্মরত করিমা বেগমের সঙ্গে প্রেমের সম্পর্কের পর সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

 

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সস্ত্রীক ভোলা থেকে কুতুবদিয়ার উদ্দেশে রওনা হন শামীম। পথে পেকুয়ার মগনামা জেটিঘাটে ডেনিস বোটে ওঠার সময় হঠাৎ পা পিছলে সাগরে পড়ে তীব্র স্রোতে তলিয়ে যান তিনি।

 

খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। শনিবার রাত নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সফিউল আলম জানান, ইউএনও কার্যালয় থেকে নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি বিশেষ দল তল্লাশি চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তির  সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট