চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

৬ দফা আদায় করেই ঘরে ফিরব: জামায়াত আমির

৬ দফা আদায় করেই ঘরে ফিরব: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:২৬ অপরাহ্ণ

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফিরব। ইনশাআল্লাহ আমরা ইনসাফের বাংলাদেশ গড়ব।

 

শনিবার (৫ নভেম্বর) বিকেলে জামায়াতের মিরসরাই উপজেলা  শাখার আমির নুরুল কবিরের সঞ্চালনায় গণজমায়েতে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, তেল-গ্যাস সংকট নিরসন, সারের কৃত্রিম সংকট দূর করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আয়োজিত ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রামের মিরসরাইয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির লং মার্চ সফল করতে মিরসরাইয়ের গণজমায়েতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরা আপনাদের সাথে নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করব। আপনারা যারা জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন জুলাই সনদ আপনাদের অধিকার। আপনাদের ৬ দফা অধিকার আদায় করেই ঘরে ফিরব। 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

 

এদিকে মিরসরাইয়ের পথসভায় ১১ দলীয় জোটের ৬ দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের হুঁশিয়ারি দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনাকে হটাতে ৯ দফা থেকে এক দফা দাবি দিয়েছিলাম। শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাদের ৬ দফা দাবি যদি মেনে না নেন সেটিও সরকার পতনের এক দফায় পরিণত হবে।

 

ওসমান হাদির বিচার চেয়ে এনসিপির এ নেতা বলেন, শহিদ ওসমান হাদির বিচার যতদিন না করেন ততদিন আমরা মাঠ ছাড়বনা। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব।

 

সরকারের সমালোচনা করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ২০০১-২০০৬ পর্যন্ত বিএনপি সরকার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলো। আর নতুন করে সরকার গঠনের মাত্র ৬ মাসে সরকার দলীয় নেতাকর্মীরা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। 

 

সভায় আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিশের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তিনি বলেন, ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।

 

চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।

 

আরো উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম), মিরসরাই খেলাফত মজলিশের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি জাফর উল্লাহ নিজামী, খেলাফত মজলিশ মিরসরাই সভাপতি মাওলানা মফিজুল হক, এনসিপির মিরসরাই সমন্বয়ক আরিফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, মিরসরাই জামায়াতের বায়তুল মাল সম্পাদক নিজাম উদ্দিন, মিরসরাই পৌর জামায়াতের আমির শিহাব উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি রায়হান উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের কলেজ বিষয়ক সম্পাদক শাকিব হোসাইন প্রমুখ।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট