চট্টগ্রাম শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চন্দনাইশে বকশিশের ভাগ নিয়ে হিজড়াদের দুপক্ষে সংঘর্ষ, আহত ৪

চন্দনাইশে বকশিশের ভাগ নিয়ে হিজড়াদের দুপক্ষে সংঘর্ষ, আহত ৪

চন্দনাইশ সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৭:৫৩ অপরাহ্ণ

চন্দনাইশে একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে গিয়ে বকশিশের ভাগ নিয়ে হিজড়াদের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে চারজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

 

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সাতবাড়িয়া দেওয়ানহাট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। বিয়ের অনুষ্ঠান শেষে হিজড়ারা বকশিশ নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে আসছিলেন।

 

এ ঘটনায় শুক্রবার রাতে হাশিমপুর এলাকার জরিনা আকতার বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে চারজনের নাম এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের কথা উল্লেখ করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর বাদী জরিনা আকতার তার দল নিয়ে সাতবাড়িয়া দেওয়ানহাট সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে বকশিশ নিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে আসছিলেন। এ সময় প্রতিপক্ষ তাদের ওপর গাছের টুকরা ও ইট নিয়ে অতর্কিত হামলা চালায়।

 

সংঘর্ষে হাশিমপুরের পারভিন আকতার, সিএনজি চালক মো. আনিস, মো. জামাল ও রুজিনা আকতারসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার ইন্সপেক্টর (তদন্ত) লিটন মিয়া জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট