টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৩ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় টেকনাফের সাবরাং ইউনিয়ন এলাকায় এই অভিযান চালানো হয়। র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা আ,ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ৪ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, সাবরাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার জনৈক খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব তাৎক্ষণিকভাবে রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ওই স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১ কেজি ওজনের ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটির গায়ে “GUANYINWANG” লেখা রয়েছে। প্যাকেটগুলো থেকে সর্বমোট ৩ কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা ।
উপস্থিত সাক্ষীদের জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, পলাতক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
রানা/পূর্বকোণ/পারভেজ


















