চট্টগ্রামের চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান (০৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া হাজির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত শিশু আদিবা একই এলাকার আজিজুর রহমানের বড় মেয়ে। সে সাতবাড়িয়া বার আউলিয়া মাদ্রাসার প্রথম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। আদিবার দাদা নুরুল ইসলাম পূর্বকোণকে জানান, সে সকলের অগোচরে পুকুরঘাটে নেমে এক পর্যায়ে পানিতে পড়ে যায়। প্রতিবেশী এক নারী পানিতে পড়ে যাওয়া শিশুকে ভাসতে দেখে চিৎকার করলে পুকুর থেকে তাকে তুলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সের কতর্ব্যরত চিকিৎসক তানজিনা সুলতানা বলেন, হাসপাতালে আসার পূর্বে ওই শিশুর মৃত্যু হয়। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মসজিদে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পূর্বকোণ/রানা/পারভেজ


















