চট্টগ্রাম শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সাতকানিয়ায় যুবককে কুপিয়ে হত্যা ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

সাতকানিয়ায় যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা

৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৭ অপরাহ্ণ

সাতকানিয়ায় সড়কে মোটরসাইকেল আটকে জাহেদুল ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচ দিন পর মামলা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে নিহতের মা মনোয়ারা বেগম বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

মামলায় পুরানগড় ইউনিয়ন বিএনপির সংগঠক জসীমউদ্দীন প্রকাশ মিষ্টি জসিমকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখ এবং ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার আসামিদের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন, উপজেলার পুরানগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মনির আহমেদের ছেলে জয়নাল আবেদীন মানিক, একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আহমদ কবিরের ছেলে মো. রিদুয়ান, ৭ নম্বর ওয়ার্ডের লেদা মিয়ার ছেলে টিপু প্রকাশ মিষ্টি টিপু, ৬ নম্বর ওয়ার্ডের রাজামিয়ার ছেলে মো. সাজ্জাদ, ৭ নম্বর ওয়ার্ডের ইদ্রিস মিয়ার ছেলে মো. আজাদ, একই ওয়ার্ডের আবু তাহের মেম্বারের ছেলে মো. ইফাজ, ফকির মিয়ার ছেলে মো. হেলাল,৪ নম্বর ওয়ার্ডের মো. ফারুকের ছেলে মো. তুষার, কবির আহমদের ছেলে মো. ফারুক, ৭ নম্বর ওয়ার্ডের রাজা মিয়ার ছেলে মো. রবিউল, একই ওয়ার্ডের মৃত লেদু মিস্ত্রির ছেলে আবুল কাশেম প্রকাশ লইট্ট্যা কাশেম এবং একই ওয়ার্ডের তবু মিয়ার ছেলে মো. হাবিব।  

এজাহার সূত্রে জানা যায়, পুরানগড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে গাছ চুরির ঘটনা ফেসবুকে প্রকাশ করাকে কেন্দ্র করে জাহেদের সঙ্গে আসামিদের বিরোধ সৃষ্টি হয়। ৩০ আগস্ট রাতে নতুনহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় জাহেদের সঙ্গে কয়েকজনের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দক্ষিণ পুরানগড়ের ভাঙ্গারগোড়া এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে তার মোটরসাইকেল আটকানো হয়। এরপর দেশীয় অস্ত্র দিয়ে জাহেদকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহেদের সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াহিদও আহত হন।

মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার এসআই মো. আরিফ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/ইকবাল/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট